সাবেক এমপি মুক্তিযোদ্ধা এবিএম তালেব আলীর ইন্তেকাল

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এবিএম তালেব আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফেনীস্থ নিজ বাসভবনে না ফেরার দেশে চলে যান তিনি। দীর্ঘদিন ধরে বর্ষীয়ান এ নেতা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বাদ জোহর ফেনীর মিজান ময়দান মাঠে এবং বিকেল ৪টায় চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সংলগ্ন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চরগোপাল গাঁও গ্রামের মরহুম মাওলানা সাদাত আলীর ছেলে।

তালেব আলী ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে তিনবার (১৯৭০, ১৯৭৩ ও ১৯৭৯) এমপি নির্বাচিত হন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।