কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ ইমরান (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয় আরও তিন শিক্ষার্থী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান ঈদগাঁও কালিরছড়া এলাকার আবু তাহেরের ছেলে।
আহতরা হলেন- মো. শামীম (১৮), রাহুল (১৮) ও জয়নাল (১৮) এরা প্রত্যেকেই ঈদগাঁও হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজিদ চন্দ্র নাথ সত্যতা নিশ্চিত করে জানান, “সকালে ইমরানের বোনের এসএসসি পরীক্ষায় পাসের মিষ্টি নিয়ে মোটরবাইক নিয়ে একসঙ্গে ৪জন কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি বাস মোটরবাইকটিতে ধাক্কা দিলে ৪জন মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইমরানকে মৃত ঘোষণা করেন। অন্যদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় বিক্ষুব্ধ হয়ে তাদের সহপাঠীরা বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ইমরানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।