আটকের পর ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রংপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নারীকে অপহরণ করে ধর্ষণের আসামি শহিদুল ইসলাম সুমন নামে একজন নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম সুমন লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে

পুলিশ জানায়, সুমনকে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেপ্তার করার পর সোমবার রাতে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার করার জন্য তার দেওয়া স্বীকারোক্তি অনুয়ায়ী গঙ্গাচড়া উপজেলার মহিপুর ইউনিয়নের চড় ইছলী এলাকায় যায়। সেখানে আগে থেকে ওৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে  সুমন নিহত হয়। এ সময় আহত পাঁচ পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সুমনের নামে থানায় ধর্ষণসহ ১৪টি মামলা রয়েছে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এ সাইফুর রহমান নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।