ডেথ ওভারের বোলিংকেই টার্নিং পয়েন্ট বললেন মাশরাফী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের মিশন শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার ক্যারিবীয়দের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা। দারুণ এই জয়ের পেছনে বোলার ও ব্যাটসম্যানদের সমান কৃতিত্ব দিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে নিজেদের শেষ দশ ওভারের বোলিংই যে ছিল টার্নিং পয়েন্ট, সেটিই বেরিয়ে এল টাইগার অধিনায়কের কণ্ঠে।

ডাবলিনে এদিন আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬১ রান করেছিল উইন্ডিজ। জবাবে ৫ ওভার বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দারুণ এই জয় নিয়ে মাশরাফী বললেন, ‘‘শুরুটা সব সময়ই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচটা হারের পর ছেলেরা আসলে দারুণ শুরু করল। পরের ম্যাচের আগে যা আমাদের ভালো অবস্থায় রাখবে।’’

এদিন বাংলাদেশের বোলিংয়ের শুরুটা মোটেও ভালো ছিল না। ২ উইকেটে ২০৫ রান করে ফেলেছিল ক্যারিবীয়রা। কিন্তু শেষ ১০ ওভারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যেখানে ৩ উইকেট নিয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মাশরাফী। ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন।

মাশরাফী তাই শেষ ১০ ওভারের বোলিংয়ের কথা উল্লেখ করলেন আলাদা করে। টাইগার অধিনায়ক বলেন, ‘‘ডেথ ওভারের আগে আমরা বোলিংয়ে ভালো করতে পারিনি। তবে ডেথ ওভারে উইকেটে নিতে পেরেছি। যে কারণে তারা (ওয়েস্ট ইন্ডিজ) পর্যাপ্ত রান স্কোর বোর্ডে যোগ করতে পারেনি।’’

‘‘আমি মনে করি এটা ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। অবশ্যই তামিম এবং সৌম্য দারুণ শুরু করেছিল। সাকিব ও মুশফিক দারুণ ভাবে শেষ করে আসতে পেরেছে।’’- যোগ করেন মাশরাফী।