চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাটের পথচলতি ও স্থানীয় ইঞ্জিনচালিত ও ইঞ্জিনবিহীন বাহনের যাত্রী সাধারণ ইদানীং যানজটে নাকাল। রুস্তমহাটের প্রধান রাস্তায় ফুটপাত বলতে কিছু নেই। রাস্তার দুপাশ দখল করে দোকানের মালপত্র থেকে মালবাহী গাড়ি, ট্রাক, অটোরিকশা ও মোটরবাইক পার্কিংয়ের কারণে পথচারীদের রাস্তায় হাঁটাচলা দায়। বটতলী শাহ্ মোহছেন আউলিয়া উচ্চবিদ্যালয় থেকে ইউনিয়ন ভূমি অফিস। পান বাজার মোড় থেকে বাস স্টেশন। জামাল মার্কেট থেকে নুরপাড়া মোড়। সব জায়গাতেই একই অবস্থা। স্কুল ও অফিস সময়ে পথ চলতে গিয়েও পথচারীরা হাঁপিয়ে ওঠেন।
ওই একই সমস্যার কারণে রুস্তমহাটের রাস্তা দিন দিন সঙ্কুচিত হয়ে পড়ায় নিত্য যানজট ও দুর্ঘটনায় পথচারী ও এলাকার বাসিন্দাদের নাভিশ^াস অবস্থা। পাশাপাশি ভূমি অফিস, জামাল মার্কেট ও পান বাজার এলাকায় মনিহারি ও ফলের দোকানের মালামালে অর্ধেক রাস্তা দখল করে রাখায় সবসময় পথ চলতেও ভোগান্তিতে পড়েন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, রুস্তমহাটের গুরুত্বপূর্ণ এই রাস্তা থেকে দখলমুক্ত করার দাবি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ব্যস্ততম এ রাস্তার ফুটপাত দখল করে বিভিন্ন ছোটখাটো দোকান পর পর থাকায় ফুটপাত উধাও হয়েছে, তেমনি বড় দোকানিরা মালামাল ও হোর্ডিং সাজিয়ে রাখায় রাস্তা সংকীর্ণ হয়ে নিত্য যানজট এবং ফুটপাতে দুর্ঘটনা ঘটছে। গত এক বছরের মধ্যে ওই এলাকায় অন্তত ২০ জন দুর্ঘটনায় জখম হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, সম্প্রতি ফুটপাত অবৈধ দখলদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তারা সতর্ক না হলে শিগগিরই অভিযান চালানো হবে।