স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মিরপুর থানায় করা অন্য একটি মামলায় এক যুবককে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক মাদক কারবারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছে।

কুষ্টিয়া : গৃহবধূ হত্যাকান্ডের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মিরপুর উপজেলার বালিয়া শিশা গ্রামের সাদেক আলী মন্ডলের ছেলে আজাদ মন্ডল ওরফে আজাদ সাহেব (৩৫)। অন্যদিকে যুবক হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের জামাল প্রামাণিক, আতর আলী, জামান হোসেন, আসাদুল মোল্লা, মেহের আলী মালিথা এবং সাতগাছি গ্রামের রুবেল মালিথা ওরফে রিবেল ওরফে রেবেল ও আসলাম মালিথা। আদালত সূত্র জানায়, যৌতুক না পেয়ে মিরপুর উপজেলার বালিয়া শিশা গ্রামের সাদেক আলী মন্ডলের ছেলে আজাদ মন্ডল ওরফে আজাদ পরিবারের লোকজনদের সহযোগিতায় স্ত্রী তুলি খাতুনকে (১৬) ২০১৬ সালের ১৮ মে রাত সাড়ে ৩টার দিকে নির্যাতন চালিয়ে হত্যা করে। পরে গলায় রশি বেঁধে বাড়ির পাশের আমগাছে তাকে ঝুলিয়ে রাখা হয়। অন্য মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৭ জুন সকাল সাড়ে ৬টায় ডাবলু নামের এক যুবককে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাত ও গলা কেটে হত্যা শেষে জিকে ক্যানেলের ব্রিক ফিল্ডের পাশে ফেলে রাখে আসামিরা।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. ফটিক (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি গ্রামের মো. এহিয়ার ছেলে। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবিরের হাট থেকে খাসের হাট সড়কের আলিমনগর এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ ফটিককে আটক করে র‌্যাব।