অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

অস্ত্র-গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার আকবরশাহ থানার মুজিবনগর এলাকা থেকে মো. হারুন প্রকাশ টেইলার হারুনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাকে ‘সন্ত্রাসী’ উল্লেখ করে পুলিশ জানায়, হারুন উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকার ফছি আলমের ছেলে।

ডিবির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাপলা আবাসিক এলাকায় পরিদর্শক মো. ইলিয়াছের খানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, দুটি কিরিচ এবং গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ কর্মকর্তা জানান, হারুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। এর আগেও অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দেড় বছর কারাগারে ছিলেন তিনি।