বিশ্বকাপের প্রথম দিনটি ভালো কাটেনি বাংলাদেশের

আরচারি বিশ্বকাপ স্টেজ-২-এর প্রথম দিনটি মোটেই ভালো কাটেনি বাংলাদেশের তীরন্দাজদের। রিকার্ভ পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৯৯ জনের মধ্যে বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ২৮তম, রুমান সানা ৩৫তম, তামিমুল ইসলাম ৪৭তম এবং ইমদাদুল হক মিলন ৬৮তম র‌্যাংকিং অর্জন করেছেন। এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের ১/৪৮ খেলায় রুবেল নিউজিল্যান্ডের ম্যাথিসন ফিনের, রুমান সানা চীনের দিং ইলিয়াংয়ের, তামিমুল ফিনল্যান্ডের টেকোনিয়েমি অ্যান্টির এবং মিলন যুক্তরাজ্যের হিউস্টন প্যাট্রিকের সঙ্গে খেলবেন। রিকার্ভ মহিলা এককে ৭৬ জনের মধ্যে বাংলাদেশের বিউটি রায় ৬১২ স্কোর করে ৫১তম র‌্যাংকিং অর্জন করেছেন। রিকার্ভ মহিলা এককে ইলিমিনেশন রাউন্ডে ১/৪৮ খেলায় বিউটি রায় ইরানের ঘাসেমি পারমিদার সঙ্গে লড়বেন।

রিকার্ভ পুরুষ দলগতভাবে ২২টি দলের মধ্যে বাংলাদেশ (রুবেল, রুমান ও তামিমুল) ১৯৬৩ স্কোর করে ১৪তম র‌্যাংকিং অর্জন করে। রিকার্ভ মিশ্র দলগতভাবে ২৪টি দলের মধ্যে বাংলাদেশ (রুরেল ও বিউটি) ১২৭০ স্কোর করে ১৮তম র‌্যাংকিং অর্জন করে।