মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে তারাবির নামাজ আদায় করা অবস্থায় মজিবর বেপারি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মজিবর ওই এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান মিয়া বলেন, “নিহত মজিবর বেপারির সঙ্গে তার ফুফাতো ভাই আশরাব বেপারি ও লিঙ্কন বেপারির বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এর জের ধরে মসজিদে নামাজরত অবস্থায় তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।”

ওসি শাহজাহান মিয়া আরও জানান, ৮টার দিকে তারাবির নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন মজিবর। এ সময় মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিল। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন। পরে মজিবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে ফের কোপানো শুরু করে।

মসজিদে হইচই শুরু হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহজাহান মিয়া বলেন, “সন্ত্রাসী হামলা যারা করেছে তাদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে। আশা করছি দ্রুত তাদের আটক করা হবে। এলাকায় আতঙ্ক থাকায় আমগ্রাম ও মঠবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”