শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘গেইম চেঞ্জার’ নিয়ে তোলপার ক্রিকেটাঙ্গন। বইটিতে বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের সমালোচনা করেছেন ‘বুম বুম’ খ্যাত অলরাউন্ডার। বাদ যাননি জাভেদ মিঁয়াদাদও। তবে আফ্রিদির অভিযোগের জবাবে আল্লাহর কাছে বিচার দিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান।
পাকিস্তান ক্রিকেটে আফ্রিদি ও মিয়াঁদাদের সম্পর্কটা তেমন ভালো ছিল না কখনই। আত্মজীবনীতেও পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যানকে সমালোচনা করতে ছাড়েননি আফ্রিদি।
১৯৯৯ সালের দিকে পাকিস্তান দলের কোচের দায়িত্বে ছিলেন মিয়াঁদাদ। বইয়ে ওই সময়টার কথা উল্লেখ করে আফ্রিদি লিখেছেন, “ঐ সময়ে মিয়াঁদাদ আমাকে দল থেকে বের করে দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছেন। এমনকি ভারতের বিপক্ষে টেস্টের আগে দলের অনুশীলনে অংশ নিতে আমাকে অনুমতি দেননি। তিনি আমার ব্যাটিং স্টাইল পছন্দ করতেন না। প্রায়ই তা পরিবর্তনে আমাকে জোর করতেন।”
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মিয়াঁদাদ। তবে এই নিয়ে আফ্রিদির সমালোচনা না করে বিচার ছেড়ে দিয়েছেন সৃষ্টিকর্তার কাছে।
“আমি এসব অভিযোগ আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। একটা টেস্টের আগে একজন ক্রিকেটারকে নেটে অনুশীলন করতে না দেওয়াটা কী করে সম্ভব। এসব অভিযোগের কোনো অর্থ নেই। সবকিছুর ফয়সালা হবে শেষ বিচারের দিন।”
মিয়াঁদাদের অভিমত, বইয়ের বিক্রি বাড়াতেই আফ্রিদি এমন চটকদার তথ্য দিয়ে সাজিয়েছেন তার আত্মজীবনী। আর তাই আফ্রিদির এমন ‘মিথ্যাচার’ দেখে অবাকও হননি তিনি।