শাহ আমানতে পৌনে ৩ কেজি স্বর্ণসহ চীনা নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে ২৪ পিস সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বুধবার সকালে আটক চীনের ওই নাগরিকের নাম ফান রঙ্গুই। তিনি ২০১৮-২০১৯ সালে ৪৩বার বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন দেশ রূপান্তরকে বলেন, “ওই চীনা নাগরিকের কাছ থেকে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।”

তিনি আরও বলেন, “ওই চীনা নাগরিক সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-১৪৮) এ করে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা লাগেজ খুলে তল্লাশি করে। লাগেজে থাকা একটি চার্জার লাইটের ভেতরে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

নুরউদ্দিন মিলন আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঙ্গুই জানিয়েছে তার বাড়ি চীনের ওয়াংজু প্রদেশে। চট্টগ্রামে একটি হোটেলে তার উঠার কথা ছিল। তবে অন্যকোনো বিষয়ে সে মুখ খোলেনি। তবে আমাদের ধারণা সে আন্তজর্তিক সংঘবদ্ধ চক্রের সদস্য।”

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।