সৌদি পোর্ট অপারেটর অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ ‘রেড সী গেটওয়ে টার্মিনাল’ (আরএসজেটি) বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
গতকাল বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএসজেটির সহযোগী পরিচালক হাসান আল তাহাত সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী সৌদি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে এ বিনিয়োগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং সৌদি আরবের বাংলাদেশে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।