আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে আসর থেকে বিদায় নিতে হলো হায়দরাবাদকে। আর ফাইনালের আশা বেঁচে থাকল দিল্লির।
বুধবার হায়দরাবাদকে ২ উইকেটে হারায় দিল্লি। টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬২ রান করেছিল হায়দরাবাদ। জবাবে ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দিল্লি।
শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে দিল্লি। জয়ী দল খেলবে ফাইনাল। প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রেখেছে মুম্বাই।
দিল্লির জয়ে এদিন বড় ভূমিকা পৃথ্বি শ ও রিশভ পন্তের। পৃথ্বি ৩৮ বলে ৫৬ রান করেন ৬ চার ও ২ ছক্কায়। অন্যদিকে পন্ত ২১ বলে ৪৯ রান করেন ৫ ছক্কা ও ২ চারে।
অন্যদের ব্যর্থতায় যদিও জয় পেতে বেশ ঘাম ঝরেছে দিল্লির। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও রশিদ খান।
এর আগে হায়দরাবাদের পক্ষে সর্বাধিক ৩৬ রান করেন মার্টিন গাপটিল। ৩০ রান করেন মনিষ পান্ডে। দিল্লির পক্ষে কিমো পল সর্বাধিক ৩ উইকেট নেন। দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরা হয়েছেন দিল্লির রিশভ পন্ত।