আয়াক্সের বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের সেমি-ফাইনালের ফিরতি লেগের লড়াইটি যদি রূপকথা হয় তাহলে নিঃন্দেহে সেটার রচয়িতা লুকাস মাউরা। তার অবিশ্বাস্য হ্যাটট্রিকে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান এই উইঙ্গারের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
টটেনহ্যামের আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনো তো মাউরাকে ‘সুপারহিরো’ বলতেও দ্বিধা করেননি।
আমস্টার্মে বুধবার ফিরতি লেগের লড়াইয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে টটেনহ্যাম। পরের ৪৫ মিনিটে দারুণভাগে ঘুরে দাঁড়ায় দলটি। মাউরার হ্যাটট্রিকে ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয় পায় তারা। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩ গোলে দাঁড়ালে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবিধা নিয়ে ফাইনালে উঠে বাধভাঙা উল্লাসে মাতে তারা।
ম্যাচ শেষে মাউরাকে প্রশংসায় ভাসালেন পচেত্তিনো, “মাউরা সুপারহিরো! এটা অবিশ্বাস্য এক হ্যাটট্রিক ছিল। এটা তার প্রাপ্য। সে অসাধারণ একজন মানুষ।”
আনন্দের এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা যাবে না বলে জানালেন ‘হ্যাটট্রিক ম্যান’ মাউরা, “এই মুহূর্তে আমার অনুভূতি প্রকাশ করা অসম্ভব। আমি খুবই খুশি। আমার সতীর্থদের নিয়ে আমি খুব খুশি। আমরা সবসময় বিশ্বাস করেছি যে, এটা সম্ভব এবং মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছি। আমি মনে করি, এই মুহুর্তটা আমাদের প্রাপ্য। আমরা একটি পরিবার।”
“এই মুহুর্ত ভাষায় প্রকাশ করা কঠিন। এই হ্যাটট্রিক ঈশ্বরের দেওয়া বড় এক উপহার। আমি এটা আমার সতীর্থদের ও আমাদের সমর্থকদের সঙ্গে উপভোগ করতে চাই।”