বাল্যবিয়ে ও ইভটিজিংসহ যেকোনো যৌন নিপীড়ন বন্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. নাজির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, অধ্যক্ষ বশির আহাম্মেদ ও অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্স প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে রোধে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সহপাঠীদের তার খোঁজ রাখতে হবে। সেই সঙ্গে কোনো যৌন হয়রানিমূলক ঘটনা ঘটলে সরাসরি পুলিশকে জানাতে বলা হয় সভায়।