ঝিনাইদহে সংবাদ সম্মেলন

সন্ত্রাসীদের অত্যাচারে ভিটেছাড়া পরিবার

ঝিনাইদহ সদর উপজেলার মান্দারতলা গ্রামে সন্ত্রাসীদের অত্যাচারে একই পরিবারের ৩০ সদস্য বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। শিশু সন্তান ও স্কুল কলেজে পড়–য়া ছেলেমেয়েরা ভিটেছাড়া হয়ে এখানে ওখানে মানবেতর জীবন কাটাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মান্দারতলা গ্রামের মোশাররফ হোসেন। এ সময় ঘরবাড়ি ছাড়া পরিবারের সদস্যদের মধ্যে ইউনুস আলী, আকলিমা খাতুন, আমিরুল মোল্লা, সালেহা খাতুন, মোছা. বেগম ও সোহাগী খাতুন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোশাররফ হোসেন দাবি করেন, ‘আমাদের দখলে থাকা ২৬ শতক জমি অবৈধভাবে দখল করার জন্য মান্দারতলা গ্রামের শহিদুল ইসলাম ও তার লোকজন চেষ্টা করলে ঝিনাইদহের একটি আদালতে মামলা করা হয়। আদালত থেকে নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ঝিনাইদহ সদর থানাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। থানাপুলিশ আসামিদের প্রতি নোটিস জারি করলে গত ১ মে দুপুরে জুড়োন মোল্লার ছেলে আবদুল কুদ্দুস, পাতা মোল্লা, জাহিদুল, শহিদুলের ছেলে শান্তি, জাহিদুলের ছেলে হৃদয়, আবদুল কুদ্দুসের ছেলে টোকন, তোফাজ্জেলের ছেলে আরিফুল ও জাফর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমরা থানায় অভিযোগ দিলেও পুলিশ আমাদের সুরক্ষা দেয়নি।’

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, এসব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হচ্ছে মান্দারতলা গ্রামের শহিদুল ইসলাম। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খোলে না। এখন ধান কাটার মৌসুম, অথচ মাঠের ধান কাটতে দিচ্ছে না সন্ত্রাসী শহিদুল। থানায় শহিদুলের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশ তা গ্রহণ করছে না।