পটুয়াখালীতে দুই ভুয়া র‌্যাব আটক

পটুয়াখালীতে দুই ভুয়া র‌্যাবকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮-এর সদস্যরা। এসময় ওই দুজনের কাছ থেকে চাঁদাবাজির টাকা, মোবাইল সেট এবং একাধিক সংবাদপত্র ও টেলিভিশনের ভূয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন জিললুর রহমান জুয়েল ও জাকির হোসেন। গত বুধবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা শহরের একটি মাছের আড়ত থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খান রাত সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে জানান, আটক জিললুর রহমান ও জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার র‌্যাব পরিচয়ে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি করে আসছিল। গত মঙ্গলবার জিললুর রহমান ও জাকির র‌্যাব পরিচয়ে গলাচিপা উপজেলার মৎস্য ব্যবসায়ী চান মিয়া, হেলাল ও মজিবুল গাজীর কাছে মোটা অংকের অর্থ দাবি করে। ওই দিন তাদের ১০ হাজার টাকা দিয়ে বিদায় করলে পুনরায় বুধবার তাদের কাছে টাকা আনতে যায় জিললুর ও জাকির। এসময় ভুক্তভোগীরা পটুয়াখালী র‌্যাব-৮ কে অবহিত করে তাদের টাকা দেওয়ার আশায় বসিয়ে রাখেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পটুয়াখালী র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।