আয়ারল্যান্ডের অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের টসটাও হতে পারেনি। তাতে দুই দলই পেয়েছে ২ পয়েন্ট করে।
খেলা না হওয়া ও পূর্ণ পয়েন্ট না পাওয়া নিয়ে হতাশা আছে বাংলাদেশ কোচ স্টিভ রোডসের। একই সঙ্গে সিরিজের পয়েন্ট পদ্ধতি নিয়েও প্রশ্ন তার।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ রোডস খেলা না হওয়ায় হতাশা লুকালেন না। বললেন, ‘‘একটু তো হতাশা আছেই। আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম। এটা আমাদের আরো ভালো অবস্থানে নিয়ে যেত। সেটা না হওয়ায় একটু হতাশ। আমরা দুই পয়েন্টের চেয়ে আমি বেশিই চেয়েছিলাম।’’
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করে। যেহেতু বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ দেখা হচ্ছে এই সিরিজকে, সেই হিসেবে প্রতিটি ম্যাচ ও প্র্যাকটিস সেশনই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।
এদিন ম্যাচ পণ্ড হলো, আগের দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি টাইগাররা। রোডসের হতাশাটা এখানেই, ‘‘এই সময়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ডে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে। সামনে আমাদের অনেক ম্যাচ আছে। কালও যদি বৃষ্টি হয়, সেটি হবে চিন্তার। আমাদের অনুশীলনটা করা হবে না। আশা করি সব ঠিক থাকবে।’’
এটিকে আসরে রাখা হয়েছে বোনাস পয়েন্ট সিস্টেম। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় ব্যবধানে জেতায় পেয়েছে মোট ৫ পয়েন্ট। আর এদিন বৃষ্টিতে ম্যাচ না হওয়ায় বাংলাদেশ পূর্ণ পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। যদিও ২টি করে ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ।
তারপরও বাংলাদেশের কোচের হতাশা পয়েন্ট পদ্ধতি নিয়ে। রোডস বলছেন, “টুর্নামেন্টর নিয়মটা একটু অদ্ভুত। কারণ বোনাস পয়েন্টসহ জিতলে ৫ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হওয়া মানে ৩ পয়েন্ট হারানো। আমরা যে পয়েন্ট পদ্ধতিতে অভ্যস্ত সেখানে জিতলে পাই ২ পয়েন্ট। আর খেলা না হলে ১ পয়েন্ট। আজকে আমরা বোনাস পয়েন্টের চেষ্টাই করতে পারলাম না। সেদিক থেকে আমরা হতাশ।’’