বার্সেলোনার জয়ের পেছনে লিওনেল মেসির অবদান সবসময় বেশি করে দেখা হলেও সে অনুপাতে দলের ব্যর্থতার দায় তাকে নিতে হয় না বলে মনে করেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো। তার মতে, এটা দলের অন্যদের প্রতি অবিচার।
প্রসঙ্গটি এসেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে লিভারপুলের কাছে বার্সেলোনার অকল্পনীয় হারের পর। প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে ছিল কাতালান ক্লাবটি। কিন্তু গত মঙ্গলবার ফিরতি লেগে নিজেদের ছায়া হয়ে রইল তারা। লা লিগার চ্যাম্পিয়নদের বিপক্ষে ৪-০ গোলের ঐতিহাসিক জয় নিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় ফাইনালে উঠে যায় লিভারপুল।
বার্সেলোনার এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না সমর্থকরা। কেউ কোচ আরনেস্তো ভালভেরদেকে দোষ দিচ্ছেন, কেউবা ক্লাবের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ফিলিপে কোতিনহোকে। সেই অনুপাতে মেসির নামটা সামনে না আসার ব্যাপারটি মোটেও ভালোভাবে দেখছেন না রোনালদো।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলে যাওয়া, ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জেতা স্ট্রাইকার রোনালদো বলেন, “বার্সেলোনা দুর্দান্ত একটি দল। তাদের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসি আছে। কিন্তু সেদিন ওরা যখন হারল এর দায়ী করা হলো ভালভেরদে, কোতিনিয়োকে... কিন্তু কখনোই মেসি নয়।”
“আবার অন্যদিনগুলোতে ওরা যখন জেতে সেটা শুধুমাত্র মেসির জন্য হয়। এটা দলের অন্য সব খেলোয়াড় ও কোচের জন্য অপমানদায়ক। দুর্দান্ত সব খেলোয়াড় ও কোচদের নিয়ে বার্সেলোনা অসাধারণ একটি দল। সমালোচনার ব্যাপারে আপনাদেরকে একটু হলেও সতর্ক হতে হবে।”