যুক্তরাজ্যের লন্ডনে ইলফোর্ডের সেভেন কিংস জামে মসজিদে তারাবির নামাজ চলাকালে গুলির ঘটনা ঘটেছে। পরে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) দিকে এ ঘটনা ঘটে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে গুলির এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মসজিদটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকাজুড়ে অবস্থান নিয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
গুলির ঘটনার কারণ ও বন্দুকধারী শনাক্ত করতে পারেনি পুলিশ।
মসজিদে গুলিবর্ষণে খবর ছড়িয়ে পড়লে লন্ডনে বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যের বেশ কয়েকটি মসজিদে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একাধিক ঘটনায় মুসল্লিদের ওপরও হামলার ঘটনা ঘটেছে।