দুই দেয়ালের ফাঁকে আটকা 'সিস্টেম খোকন': উদ্ধারে ফায়ার সার্ভিস

খোকন ওরফে সিস্টেম খোকন (৫২)। পুলিশের দাবি, তিনি মাদক বিক্রেতা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দৌড়ে পালাতে গিয়ে দুই ভবনের মাঝখানের সরু ফাঁকে আটকে যান। 

পরে ফায়ার সার্ভিস এসে আড়াই ঘণ্টার চেষ্টায় দেয়াল কেটে তাকে উদ্ধার করে। 

সিস্টেম খোকন এখন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ঠাকুরবাজারে পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শাহরাস্তি পৌরসভার পূর্ব উপলতা কাজী বাড়ির খোকন ওরফে সিস্টেম খোকন পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে পালাতে গিয়ে ঠাকুরবাজারের যশোরীর দুই ভবনের মাঝখানে সরু জায়গায় আটকে যান। পরে শাহরাস্তি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোতালেব জমাদার জানান, একপর্যায়ে অতিরিক্ত গরমে খোকন দুর্বল হয়ে পড়লে তাকে বাচানোর জন্য ফায়ার সার্ভিস দল একটি ভবনের দেয়াল ছিদ্র করে খাওয়ার পানি দেয় এবং চার্জার ফ্যানের মাধ্যমে বাতাস দেওয়ার ব্যবস্থা করে। পরে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দেয়াল কেটে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধার তৎপরতার সময় চাঁদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল বলেন, খোকনকে ধরতে পুলিশ অভিযান চালালে পালাতে গিয়ে তিনি দুই ভবনের সরু ফাঁকে আটকে যান। 

পুলিশ জানায়, খোকনের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে। হাসপাতালে চিকিৎসার পর তাকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়।