কুমিল্লার দাউদকান্দিতে প্রতিপক্ষের হামলায় ইতি রানী সাহা (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভিকতলা গ্রামে নারায়ণ সাহার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নারায়ণ সাহার স্ত্রী। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
জানা যায়, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভিকতলা গ্রামে নারায়ণ সাহার স্ত্রী ইতি রানী তার চার ও ছয় বছরের মেয়েদের প্রতিদিনের ন্যায় গতকাল সকালে প্রতিবেশী জীবন চন্দ্র দাসের বাড়ির ওপর দিয়ে পাশের স্কুলে নিয়ে যাওয়ার সময় তার (জীবন চন্দ্র) স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে ইতি রানী সাহা মাটিতে লুটিয়ে পড়েন। পরে ইতি রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং জীবন চন্দ্র ও তার স্ত্রী পূর্ণিমাকে আটক করে।