নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মহজমপুর যুগিপাড়া গ্রামে রুবেল (২৫) নামে এক মাদক কারবারির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার লাশ গ্রামের পরিত্যক্ত একটি কারখানার সীমানাপ্রাচীরের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মায়ের অভিযোগ, তার ছেলেকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মহজমপুর উত্তর কাজিপাড়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে পুইক্কার ছেলে মো. রুবেল হোসেন গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে পরিত্যক্ত ওই কারখানার সীমানাপ্রাচীরের পাশে লাশ পড়ে থাকতে দেখে কারখানার নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সোনারগাঁ থানার পিএসআই ফয়সাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল এলাকায় মাদকসেবী ও কারবারি হিসেবে পরিচিত ছিলেন। তার নামে থানায় মাদক মামলা রয়েছে। রুবেলের মৃত্যু রহস্যজনক।