বাবার রিকশা চালানোর রোজগারে পরিবারের ছয় সদস্যকে একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে চালাতে হয় সংসার। এ কষ্টের সংসারেই পড়ালেখা করে সফলতা পেয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. ফিরোজ আলী।
এবারের এসএসসি পরীক্ষায় নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। ফিরোজের স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে সে ডাক্তার হবে।
ফিরোজের ডাক্তার হওয়ার স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় সে স্কুলজীবন পার করলেও কলেজে ভর্তি ও পড়ালেখা করার অনিশ্চয়তায় ভুগছে। ফিরোজ আলী জানায়, ‘আমার ইচ্ছা নটর ডেম কলেজের মতো জায়গায় আমি পড়ালেখা করতে। কিন্তু অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারব কিনা জানি না।’ খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামের রিকশাচালক মো. ফয়জার আলী ও ফাতেমা বেগমের ছেলে ফিরোজ। নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘ফিরোজ আলী আমার স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই আমি এবং স্কুল থেকে যতটুকু সহযোগিতা করা যায় করেছি। ফিরোজের মতো মেধাবীদের হারিয়ে যেতে দেওয়া যাবে না।’