কয়েক বছর আগেও নির্মাতারা শুধু টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন। চ্যানেলগুলোর চাহিদামতো নাটক তৈরিতেই তাদের চাঁদরাত পর্যন্ত শ্যুটিং করতে হতো। এখন অবশ্য নির্মাতা বা শিল্পীসংখ্যা বেড়েছে। কিন্তু নাটক প্রচারের মাধ্যম বেড়েছে তার চেয়ে অনেক বেশি। সরকারি-বেসরকারি চ্যানেল তো রয়েছেই, সেই সঙ্গে অসংখ্য ইউটিউব চ্যানেলের জন্যও নাটক নির্মিত হচ্ছে এখন। ঈদের আগে সেই ব্যস্ততা বাড়ে আরও কয়েক গুণ। বেশির ভাগ ঈদের নাটকের গল্প যেহেতু পারিবারিক ও রোমান্টিক-কমেডি ঘরানার হয়, তাই শ্যুটিং বাড়িগুলোতে রমরমা অবস্থা থাকে একেবারে ঈদের আগের রাত পর্যন্ত।
শুধু উত্তরার শ্যুটিং বাড়িগুলোই নয়, এবার রমরমা অবস্থা চলছে পুরান ঢাকার একাধিক শ্যুটিং বাড়ি, ইস্কাটনের প্রিয়াঙ্কা শ্যুটিং বাড়ি এবং ৩০০ ফিটের নতুন একাধিক শ্যুটিং বাড়িতে।
গতকাল শুক্রবার নির্মাতা সরদার রোকন ‘রোদেলা বৃষ্টি’ শিরোনামে একটি নাটকের শ্যুটিং করেছেন উত্তরার স্বপ্নীল-১ শ্যুটিং বাড়িতে। রোজার আগে নির্মাতা শহীদুন্নবী অভিনেতা নাঈমকে নিয়ে একটি নাটকের শ্যুটিং করেছেন ৩০০ ফিটের ‘মিন্টু ভাইয়ের হাউস’-এ। আলমের নির্দেশনায় নাঈম উত্তরার লাবণি-৪-এ একটি নাটকের কাজ করেছেন। অভিনেত্রী ভাবনা ‘শেষ দেখা’ নামের একটি নাটক করেছেন উত্তরার আপন ঘর শ্যুটিং বাড়িতে।
নির্মাতা মোস্তফা কামাল রাজ এবার বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে এনটিভিতে প্রচার হবে অপূর্ব ও তানজিন তিশা অভিনীত ‘শিশিরবিন্দু’, চ্যানেল আইয়ে প্রচার হবে তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়া অভিনীত ‘বুক ভরা ভালোবাসা’, তার নিজস্ব ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালাতে প্রকাশিত নিশো ও মেহজাবিন অভিনীত ‘হোয়াইট হ্যাকার’, অন্য একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে আফরান নিশোর গল্প নিয়ে নির্মিত তার ও তানজিন তিশা অভিনীত ‘ক্রেজি লাভার’ নাটকটি। এর মধ্যে প্রায় সবগুলো নাটকের শ্যুটিং তিনি করেছেন পুরান ঢাকার বিভিন্ন শ্যুটিং বাড়িতে। রাজের নির্দেশনায় আফরান নিশো-তানজিন তিশা অভিনীত ‘আই অ্যাম অনেস্ট’ নাটকটির শ্যুটিং হয়েছে উত্তরায় আরেক নির্মাতা রাকেশ বসুর শ্যুটিং বাড়িতে।
নির্মাতা সম্রাট উত্তরার ‘স্টার হাউস’ শ্যুটিং বাড়িতে একাধিক নাটকের কাজ করেছেন।
অভিনেতা ইরফান সাজ্জাদ গতকাল শ্যুটিং করেছেন উত্তরার আপন ঘর ১ শ্যুটিং বাড়িতে। এতে প্রীতি দত্ত পরিচালিত ‘তোমার জন্য’ নামের একটি ঈদের নাটকের শ্যুটিং হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় জুটি ইরফান সাজ্জাদ ও সাবিলা নূর এবার ঈদে বেশ কিছু নাটক নিয়ে হাজির হবেন। এর মধ্যে এনটিভির জন্য নির্মিত মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘ভাই পারলে মাফ করবেন’ নাটকের শ্যুটিং হয়েছে আপন ঘর শ্যুটিং বাড়িতে। এই জুটির আরেক নাটক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘বেয়ারা বাকের’ নাটকের শ্যুটিং হয়েছে আবার পুরান ঢাকায়। ওসমান সিরাজ পরিচালিত ইরফান সাজ্জাদ আর নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘বকুল কথা’ নাটকের শ্যুটিং হয়েছে উত্তরার ‘স্বপ্নীল-৩’ শ্যুটিং বাড়িতে।
কাজল আরেফিন অমির পরিচালনায় নিশো-তানজিন তিশার ‘এক্স ওয়াইফ’, রুশো চৌধুরীর পরিচালনায় নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘লাভলি ওয়াইফ’ নাটকগুলোর শ্যুটিংও হয়েছে উত্তরার বিভিন্ন শ্যুটিং বাড়িতে। কিছুদিন পর এবি রোকনের পরিচালনায় ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার-২’ নাটকটির শ্যুটিং হবে উত্তরার এক শ্যুটিং বাড়িতে।