চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে দুই ভবনের মাঝখানের সরু ফাঁকে আটকে যান এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিস এসে আড়াই ঘণ্টার চেষ্টায় দেয়াল কেটে তাকে উদ্ধার করে।
পুলিশের দাবি, আটকে পড়া ব্যক্তির নাম খোকন ওরফে সিস্টেম খোকন (৫২)। তিনি মাদক বিক্রেতা। তিনি এখন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কথিত ওই মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে গেলে পালানোর চেষ্টা করেন খোকন। কিন্তু তখনই ঘটে বিপত্তি। পালানোর সময় পাশাপাশি দুটি ভবনের দেয়ালের ফাঁকে আটকা পড়েন খোকন ওরফে সিস্টেম খোকন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দীর্ঘ ৩
॥ঘণ্টার চেষ্টায় দেয়াল কেটে উদ্ধার করে তাকে। তাৎক্ষণিকভাবে তাকে পুলিশ গ্রেপ্তার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোতালেব জমাদার বলেন, অতিরিক্ত গরমে খোকন দুর্বল হয়ে পড়লে তাকে বাঁচানোর জন্য আমরা একটি ভবনের দেয়াল ছিদ্র করে খাওয়ার পানি দেই এবং চার্জার ফ্যানের মাধ্যমে বাতাস দেওয়ার ব্যবস্থা করি। পরে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দেয়াল কেটে রাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করি।
স্থানীয়রা জানায়, খোকন শাহরাস্তি পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃত আবদুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শাহরাস্তি উপজেলাসহ চাঁদপুরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছেন।
উদ্ধার অভিযানের সময় চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল, শাহরাস্তি থানার ওসি শাহ আলমসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল বলেন, খোকনকে ধরতে পুলিশ অভিযান চালালে পালাতে গিয়ে সে দুই ভবনের সরু ফাঁকে আটকে যায়। রাতে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।
শাহরাস্তি থানার ওসি শাহ আলম বলেন, খোকন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে।