নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফেরায় বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার শক্তি ঢের বেড়েছে বলে মনে করেন দলটির সাবেক তারকা পেসার ব্রেট লি। দলটির শিরোপা ধরে রাখার জোরালো সম্ভাবনা দেখছেন দুইবার বিশ্বকাপ জেতা এই খেলোয়াড়।
শেষবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত বিশ্বকাপে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাইকেল ক্লার্কের অস্ট্রলিয়া। ইংল্যান্ড ও ওয়েলস আসরেও দেশটি অন্যতম ফেভারিট বলে মনে করেন লি।
“ইংল্যান্ডের উইকেটে পেসাররা সুবিধা পাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু জুন-জুলাইয়ে ওখানে উইকেটের চরিত্র স্লো থাকে। এই কারণে উইকেট থেকে পেসাররা বাড়তি কোনও সাহায্য পাবে না। বোলারদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই করতে হবে।”
“দর্শকদের কথা মাথায় রেখে ব্যাটিং সহায়ক পিচই তৈরি করতে চলেছে আইসিসি। লো স্কোরিং উইকেট হওয়ার প্রবণতা কম। আর ব্যাটিং সহায়ক উইকেটে স্মিথ-ওয়ার্নাররা জ্বলে উঠলে অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাচ্ছেই।”
বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে দেশের জার্সিতে এক বছরের নির্বাসনে কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন তারকা দুই খেলোয়াড় ওয়ার্নার ও স্মিথ। দারুণ একটা আইপিএল মৌসুম কাটিয়ে দেশের হয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে যোগ দিয়েছেন তারা।
আইপিএলে ১২ ম্যাচ খেলে এক শতক ও অর্ধশতকসহ করেছেন ৬৯২ রান। আইপিএলে দারুণ খেলেছেন সাবেক অজি অধিনায়ক স্মিথ। বিশ্বকাপের ঠিক আগে তাদের অসাধারণ ফর্ম অস্ট্রেলিয়াকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে বলে মনে করেন লি।