আটকের পর ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মেহেরপুরের গাংনীতে ধর্ষণ ও এসিড নিক্ষেপ মামলার আসামি ইয়াকুব আলী ওরফে কাজল (২৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার সময় গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের একজন এসআইসহ ৪ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান সুটার গানসহ ২ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।

নিহত ইয়াকুব আলী ওরফে কাজল গাড়াডোব গাছলাপাড়ার জালাল উদ্দীনের ছেলে।

গাংনী থানার ওসি (তদন্ত) মো. সাজেদুল ইসলাম জানান, ইয়াকুব আলী ওরফে কাজলকে আটকের পর তাকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় ইয়াকুব আলী ওরফে কাজলকে উদ্ধার করা হয়। তাকে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এমকে রেজা কাজলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ইয়াকুব আলী ওরফে কাজলের বিরুদ্ধে গাংনী থানায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপের মামলা রয়েছে।