কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইফতার নিয়ে কাড়াকাড়ি করায় বাবার ছোড়া ছুরির আঘাতে ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কুতুবজুমের ঘটিভাঙ্গার আশ্রয় প্রকল্পের ব্যারাকে এই ঘটনা ঘটে।
নিহত ছেলের নাম সিজান মনি (৫)। সে আশ্রয় প্রকল্পের ব্যারাকের দিনমজুর আনছারুল হকের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ওই আশ্রয় প্রকল্পের দুই নম্বর ব্যারাকের ২২ নম্বর কক্ষে পরিবার নিয়ে বাস করেন আনছারুল হক। তিন ছেলে ও এক মেয়ে নিয়ে সেখানে থাকেন তিনি।
শুক্রবার ইফতারসামগ্রী তৈরি করতে বসেন আনছারুল। তার সঙ্গে ইফতার করতে বসে তার তিন শিশুপুত্র। ইফতার খাওয়ার জন্য হট্টগোল শুরু করে শিশুরা।
এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বড় ছেলে জিদানকে লক্ষ্য করে হাতে থাকা ছুরি ছুড়ে মারেন বাবা আনছারুল। তৎক্ষণাৎ জিদান সরে গেলে তার পাশে থাকা ছোট ভাই সিজান মনির বুকে ছুরি লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিটি জব্দ করেছে। এই ঘটনায় শিশুটির বাবাকে আটকের চেষ্টা চলছে।”