বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে চলছে ১৭তম লোকসভা নির্বাচন। এরই মধ্যে সাত ধাপের ভোটাভুটির পাঁচ ধাপ শেষ হয়েছে। বাকি আর দুই ধাপের ভোটগ্রহণ শেষে আগামী ২৩ মে ঘোষিত হবে ফলাফল। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত জায়গা উত্তর প্রদেশ।
এই প্রদেশেরই এলাহাবাদের বাহরাইটা গ্রামে রাম নরেশ ভুরতিয়ার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮২ জন, এদের মধ্যে ৬৬ জনই ভোটার। পরিবারটির অধিকাংশই কৃষির সঙ্গে যুক্ত এবং মাত্র দুইজন সদস্য মুম্বাইয়ের বেসরকারি কোম্পানিতে কাজ করে। আর্থিকভাবে পরিবারটি মোটামুটি সচ্ছল।
পরিবারটির প্রধান রাম নরেশের বয়স ৯৮। পুরো পরিবারের জন্য দৈনিক একটি মুরগি এবং ২০ কিলোগ্রাম সবজি, ১৫ কিলোগ্রাম চাল এবং ১০ কিলোগ্রাম আটার রুটি তৈরি করা হয়। আর রান্নার এই কাজটি করে পরিবারের নারীরা। নরেশ এনডিটিভিকে বলেন, ‘আমি খুশি এই জন্য যে, এই পরিবারের একজন সদস্যও কখনো আলাদাভাবে থাকতে চায়নি। আমি চাই জাতিকে একত্রিত করার উদাহরণ হিসেবে আমার পরিবারকে দেখুক মানুষ।’
এবারের নির্বাচনে নরেশের পরিবারে আটজন নতুন ভোটার। দুপুরের খাবার খেয়ে তারা সবাই মিলে ভোট দিতে যায় কারণ তখন ভোটারের চাপ কম থাকে। একটি কেন্দ্রেই তারা সবাই ভোট দেন। নরেশ জানান, তারা ভোট দিতে যাওয়ার সময় গাড়িতে করে যান না। সাইকেলে এবং পায়ে হেঁটে তারা নির্বাচনী কেন্দ্রে যান।
পরিবারটির তৃতীয় প্রজন্মের সদস্য শঙ্কর বলেন, ‘নির্বাচনের সময় আমরা প্রার্থীদের কাছে অনুরোধ করি যাতে তারা আমাদের বাড়ির ওপর থেকে যাওয়া তারগুলো সরিয়ে নেয়। তারা প্রতিশ্রুতিও দেয়, কিন্তু নির্বাচন শেষে কেউ আর আসে না। কয়েকবার আমরা বিদ্যুৎ বিভাগকে এ নিয়ে চিঠিও লিখেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। এবারও আমরা প্রার্থীদের এই সমস্যা সমাধানের কথা বলছি এবং আবারও আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমস্যা সমাধান হলেই কেবল আমরা ভোট দেব।’