মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী তেওতা ভূমি অফিসের সামনের সড়কে এ মানববন্ধনে ওই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে তেওতায় যোগদানের পর থেকে আলতাফ হোসেন বেআইনিভাবে ডিসিআর-খারিজ প্রদান ও খাজনা আদায়ে নানা অনিয়মের আশ্রয় নিয়ে আসছেন। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার হয়নি। বরং অভিযোগের বিষয় জানতে পেরে তিনি ভুক্তভোগীদের আরও বেশি হয়রানি করছেন। এ বিষয়ে আলতাফ হোসেন বলেন, ‘একটি চক্র আমার কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মানববন্ধন করেছে।’