দুদক কর্মচারীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিরুদ্ধে। আটক ওই ব্যক্তির নাম হাসিবুল হাসান সুমন (৩৫)। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেগুনবাগিচা কার্যালয়ের ডাটা এট্রি অফিসার। তার পরিবারের অভিযোগ, তাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের দাবি, চলাফেরা সন্দেহজনক হলে সুমনের দেহ তল্লাশি করে ১৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গতকাল শনিবার দেশ রূপান্তরকে জানান, গত শুক্রবার তারাবির নামাজের পর শহরের আল্লামা ইকবাল রোড এলাকা থেকে তাকে ১৫টি ইয়াবাসহ আটক করে পুলিশ। আটক হাসিবুল হাসান সুমন ওই এলাকার হাবিবুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

এদিকে আটক সুমনের ভগ্নিপতি আবু জাফর অভিযোগ করে বলেন, ‘রাতে পুলিশ আমাদেরকে জানিয়েছিল সুমনের কাছে ইয়াবা পাওয়া যায়নি। সকালে পুলিশ তাদের রাতের বক্তব্য থেকে সরে এসে এখন বলছে সুমনের দেহ তল্লাশি করে ১৫টি ইয়াবা পাওয়া গেছে।’ ঘটনার সঠিক তদন্ত দাবি করেছে সুমনের পরিবার।