ফেনীর সোনাগাজী মডেল থানার বিতর্কিত ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর বদলির প্রতিবাদে বিক্ষোভের ঘটনা শনিবার দেশজুড়ে আলোচিত হয়।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে রংপুর বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের এ কর্মসূচি প্রশংসিত হয়। অনেকে তাদের সাধুবাদ জানান। গণমাধ্যমগুলোও এ কর্মসূচিকে গুরুত্বসহকারে প্রচার করে।
দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গড়ে ওঠে। এর কেন্দ্রীয় নেতা নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হলে আবারো জনগণের নজর কাড়ে সংগঠনটি।
এরপর তারা নতুন করে সংগঠনকে এগিয়ে নেয়ার উদ্যোগ নেয়। বিভন্ন জেলায় সভার আয়োজনও করে।
শনিবার রংপুরের এ বিক্ষোভ কর্মসূচি তাদের আবারো আলোচনায় নিয়ে এল।
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হন ওসি মোয়াজ্জেম হোসেন। তাকে শনিবার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়।
এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, জুতা প্রদর্শন ও সমাবেশ করেছে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।
শনিবার বেলা একটায় রংপুর মহানগরীর লালবাগ চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।
সমাবেশ থেকে নুসরাত জাহান রাফির হত্যাকান্ডের ঘটনায় দায়িত্বে অবহেলাকারী অভিযুক্ত ওসি মোয়াজ্জেম হোসেনের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুদ্ধ ছাত্রনেতারা।
মোয়াজ্জেমকে রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহার না হলে টানা আন্দোলনের হুমকি দেন তারা।
প্রতিবাদ সমাবেশে ওসি মোয়াজ্জেমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জুতা ও স্যান্ডেল প্রদর্শন করেন তারা।
মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা।
তিনি বলেন, 'পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরীফ বিক্ষোভ কর্মসূচির সভাপতিত্ব করেন।
এ সময় বক্তারা বলেন, 'নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পূণ্যভূমি রংপুরে নুসরাত হত্যার সাহায্যকারী মোয়াজ্জেমের ঠাঁই হবে না।'