প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’

২০১২ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। সে বছর এই সিনেমাটি ছিল অন্যতম আলোচিত। সমালোচকরা মোটামুটি পছন্দ করলেও ব্যবসায়িকভাবেও দারুণ সফল হয়েছিল সিনেমাটি। এখনো এই সিনেমার ‘রাধা’, ‘ইশকওয়ালা লাভ’, ‘ডিস্কো দিওয়ানি’ গানগুলো মানুষের মুখে মুখে ফেরে। আর এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা আলিয়া ভাট তো এখন বড় তারকা। একই সঙ্গে বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা নিজের আলাদা আলাদা জায়গা করে নিয়েছেন। তাই এই সিনেমার রিমেক হবে জানার পর থেকেই ভক্তদের আগ্রহের কোনো কমতি ছিল না।

অবশেষে গত শুক্রবার মুক্তি পায় করণ জোহরের ধর্মা প্রডাকশনের ব্যানারে বিগ বাজেটের সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’। সিক্যুয়াল হলেও এবারের পর্বটি পরিচালনা করেননি করণ জোহর। তার বিশ্বস্ত পুনিত মালহোত্রাকে দিয়ে কাজটি করিয়েছেন। তার ভরসা রেখেছেন জ্যাকি শ্রফপুত্র বলিউডের ইয়ং ক্রেজ টাইগার শ্রফের ওপর। গত বছর এক নায়িকা দুই নায়ক থাকলেও এবারের গল্পে দেখা গেছে উল্টো। অর্থাৎ টাইগারের বিপরীতে রয়েছে দুই নায়িকা। বলিউড তারকা চাঙ্কি পান্ডেকন্যা অনন্যা পান্ডে ও তারা সুতারিয়ার অভিষেক সিনেমা এটি।

সিনেমার ট্রেইলার আসার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। আর একে একে ‘এ জাওয়ানি হে দিওয়ানি’, ‘দিল্লি কুড়িয়া’ গানগুলো প্রকাশের পর প্রতিক্রিয়া আরও নেতিবাচক হয়। তবে সবাই সিনেমাটি ভালো হবে এমন আশা করেছিলেন। কিন্তু প্রথম দিনেই দর্শক সিনেমা দেখার পর জানিয়েছেন তাদের মন্তব্য। প্রায় সব দর্শকই এই পর্বের চেয়ে প্রথম পর্বকে এগিয়ে রেখেছেন। এমনকি বেশিরভাড় দর্শক টাইগারকে স্টুডেন্ট হিসেবে মেনে নিতে পারেননি। অনেকে বলেছেন, টাইগার তার অন্য সিনেমাতে যেমন নাচ, অ্যাকশন আর ফিট বডি প্রদর্শন করেন, এতেও তার ব্যতিক্রম কিছু হয়নি। তবে অভিনয় একদম কাঁচা। নবাগত তারা সুতারিয়ার বাজে অভিনয় ও উপস্থিতি তারকাসুলভ নয় বলে বেশিরভাগ দর্শকের দাবি। তবে উৎরে গেছেন গুণী অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। তার অভিনয় সবাই পছন্দ করেছেন।

মজার বিষয় হলো দর্শকের রায় আর চিত্র সমালোকদের রায় একেবারেই মিলে গেছে। তবে সমালোচকরা এ সিনেমার গল্পের অনেক দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাই বেশিরভাগ রিভিউতে সিনেমাটিকে মাত্র ২ পয়েন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে সিনেমাটি কারও প্রত্যাশাই পূরণ করতে পারেনি। এখন দেখার বিষয় বক্স অফিসে সিনেমাটি কেমন ব্যবসা করে।