মাকে নিয়ে গাইলেন বিগবি

আজ বিশ্ব মা দিবস। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন তারকারা বিভিন্ন বার্তা শেয়ার করছেন। কিন্তু বলিউড শাহেনশাহ একধাপ এগিয়ে। মা দিবসের আগ মুহূর্তে একটি গানের ভিডিও শেয়ার করেছেন এই কিংবদন্তি। টুইটারে ভিডিওর পাশাপাশি একটি আবেগি বার্তাও দিয়েছেন তিনি। ‘মা’ গানটিতে এক শিশুশিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলে উল্লেখ করে ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘মা দিবস উপলক্ষে এটি একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুজিত সরকারের সৃষ্টি, অনুজ গর্গের সুর ও তার ছেলের কণ্ঠ। কথা পুনিত শর্মার আর সঙ্গে আমার কণ্ঠ! মন ছুঁয়ে যাওয়া এই গানটি শুরু হয়েছে সাহসী, অনুপ্রেরণাদায়ক অনেক মায়েদের সাদা-কালো ছবি দিয়ে। সঙ্গে তাদের জন্ম-মৃত্যুর তারিখও উল্লেখ করা হয়েছে।’

মা তেজি বচ্চনের সঙ্গে ছোটবেলার অমিতাভের ছবিও আছে গানটিতে। খোলা চুলে শাড়ি পরিহিত মায়ের পাশে ফর্মাল পোশাকে দাঁড়ানো ছবি শেয়ার করেছেন অমিতাভ। গানটি শেষ হয়েছে একটি মনকাড়া কথা দিয়ে। ‘তুম আজ ভি মেরে পাস হো...মা অর্থ তুমি এখনো পাশে আছো মা।’