সড়কে নারীসহ নিহত ৪

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ও তার আগের রাতের এসব দুর্ঘটনায় আহত হন কমপক্ষে পাঁচজন। এর মধ্যে সাভারের বলিয়াপুর মধুমতি মডেল টাউনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে এক নারী, দিনাজপুরে পিকআপের ধাক্কায় বাইসাইকেল চালক, মাগুরার শতখালী নতুন হাট এলাকায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের হেলপার ও নওগাঁর মান্দায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল    আরোহী নিহত হন। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ

সাভার মডেল থানার এসআই শেখ তারিকুল ইসলাম জানান, গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে হাতিল ফার্নিচার কারখানার স্টাফবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী কর্মকর্তা নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আমেনা আক্তার শিমু (৩২) কুমিল্লার চান্দিনা থানার মুন্সিবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের ডোমনা এলাকায় অবস্থিত হাতিল ফার্নিচার কারখানার হিসাব শাখার জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এসআই তারিকুল আরও জানান, সকালে হাতিল ফার্নিচারের একটি মিনিবাস পাঁচ কর্মকর্তাকে নিয়ে ঢাকা থেকে গাজীপুরের কারখানার উদ্দেশে যাচ্ছিল। বলিয়াপুর মধুমতি মডেল টাউনের সামনে পৌঁছলে অন্য একটি ইউটার্ন নেওয়া গাড়িকে বাঁচাতে গিয়ে ওটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। আহতরা হলেন রুমান (৩০), ইমরুল হাবিব (৩২), সুকেষ (৩২), জুবায়ের ফেরদৌস (৩৫) ও ওমর (৩৩)।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, কাহারোল উপজেলায় ওষুধ কোম্পানির একটি পিকআপের ধাক্কায় সাকিব হোসেন (২০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলার রামপুরা বাজারে এ দুর্ঘটনা ঘটে। সাকিব উপজেলার ধিপিকুড়া গ্রামের আসাদুল হোসেনের ছেলে।

মাগুরার শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার শতখালী নতুন হাট এলাকায় যশোরগামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকে থাকা হেলপার ফরিদ হোসেন (৩০) গুরুতর আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে নওগাঁর মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, গতকাল দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি থেকে চৌবাড়িয়া যাওয়ার পথে এসিআই ইটভাটাসংলগ্ন এলাকায় নিমগাছের সঙ্গে একটি মোটরসাইকেল ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমন হোসেন (২২) মারা যান। তিনি উপজেলার নাড়াডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে।