একটি খালি মিষ্টির প্যাকেটের ওজন ১৭৩ থেকে ১৭৭ গ্রাম। যা চারটি মিষ্টির ওজনের সমান। এভাবে প্রতি কেজি মিষ্টির প্যাকেটে চারটি করে মিষ্টি কম দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে।
এ কারণে ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪টি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ জরিমানা করেন।
এ সময় ৪টি হোটেল থেকে ২০৪টি খালি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতে শহরের ধানসিঁড়ি হোটেলকে ১০ হাজার টাকা, আল্লাহর দান হোটেলকে আট হাজার টাকা, রায় সুইটসকে আট হাজার টাকা ও মদিনা হোটেলকে পাঁচ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারা মোতাবেক অপরাধ করায় শহরের ৪টি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই ৪টি হোটেল থেকে ২০৪টি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবীর, থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।