ফটিকছড়িতে ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাজীপাড়া কাঠলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাজেদুল আলম মাসুদ (৩০), খান মোহাম্মদ পাড়ার পারভেজ (২৬) ও ছর পাড়ার বাসিন্দা সুজন। ছাত্রলীগ নেতা মাসুদ ছাড়া অন্য দু’জন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ মোটরসাইকেলে করে বাড়ি থেকে ইফতারি নিয়ে দোকানে যাওয়ার পথে কাজীপাড়া কাঠলতলা এলাকায় পৌঁছলে গতিরোধ করে ওই এলাকার রেজা মিয়া (৩২)। এ সময় পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেজার ধারালো কিরিচের আঘাতে জখম হয় পারভেজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পারভেজের বন্ধু মাসুদ ও সুজন। ওই সময় তাদেরও কিরিচ দিয়ে আঘাত করে পালিয়ে যায় রেজা। রাত ৮টার দিকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান।

এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।