কাঁচা চা পাতার দাম বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ

কাঁচা চা পাতার মূল্য বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন তেঁতুলিয়ার ক্ষুদ্র চা-চাষিরা। গতকাল রবিবার দুপুরে কয়েক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে এই অবরোধ শুরু হয়।

তেঁতুলিয়া স্মল টি গ্রোয়ার্সের ডাকে অবরোধের আগে বিক্ষোভ সমাবেশও হয়। এ সময় সহস্রাধিক ক্ষুদ্র চা-চাষি মহাসড়কে বসে পড়েন। এতে উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে। দুপুর ২টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ সময় বক্তারা বলেন, চা পাতা মূল্য নির্ধারণ কমিটি নির্ধারিত কাঁচা চা পাতার মূল্য দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। অবিলম্বে কাঁচা চা পাতার দাম বাড়ানোর দাবি জানান তারা।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, বর্তমানে প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য ২৪ টাকা ৫০ পয়সা। মূল্য নির্ধারণ কমিটি আগামী ১৫ মে নতুন মূল্য নির্ধারণ করবে। এর আগে বাড়ানো-কমানোর সুযোগ নেই।