মোংলায় আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

মোংলায় সরকারের অগ্রাধিকারভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ‘জমি আছে ঘর নেই, নিজ জমিতে গৃহনির্মাণ’ শিরোনামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনস্থ এ প্রকল্প বাস্তবায়নে মানা হয়নি নিয়ম। 

এদিকে এ অনিয়মের বিষয়ে তদন্তে নেমেছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিন হোসেন। তিনি বলেন, বেশিরভাগ জায়গায়ই টয়লেট নির্মাণ হয়নি। উপজেলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইসরাফিল হাওলাদার বলেন, টয়লেটসহ স্বাস্থ্যসম্মত এ ঘর নির্মাণের কথা থাকলেও তার ইউনিয়নে যেসব ঘর বরাদ্দ ও নির্মাণ করা হয়েছে তার একটিতেও টয়লেট নেই।

সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সে জন্য তৃতীয় পক্ষকে ঢুকতে না দিয়ে ঘর মালিকদেরকেই তিনটি চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে এবং ওই ঘর মালিকদেরকে দিয়েই তৈরি করিয়েছি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বাগেরহাট জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্পের অনিয়মের চিত্র তুলে ধরে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।