কলেজছাত্রী অপহরণ মামলায় বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রিপন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের গোলাম রহমানের ছেলে। গতকাল রবিবার বিকেলে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার ওই কলেজছাত্রীকে একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে ২০১৮ সালের ৪ জুন রাত ৮টায় ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রিপনসহ ৭-৮ জন ওই ছাত্রীকে বাবার বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে ওই রাতেই ইকবাল হোসেন রিপনকে প্রধান আসামি করে আরও ৭/৮ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। পরদিন ভোরে ধুনট উপজেলার চিকাশী গ্রাম থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ইকবাল হোসেন রিপনসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলেও প্রধান আসামি ইকবাল জামিন না নিয়েই চলতি বছরের ১৮ মার্চ ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন এবং প্রকাশ্যে শোডাউন ও গণসংযোগ করেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, তাকে ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।