যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বাণিজ্য চুক্তি না করলে চীনের পরিণতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের গতকাল রবিবারের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্য আলোচনা শেষ হয়।
আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প বলেন, চীনকে হয় এখনই ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। অন্যথায় ২০২০ সালের পর এটি আরও খারাপ হবে।
টুইটবার্তায় ট্রাম্প আরও বলেন, আমার মনে হচ্ছে চীন এটা অনুভব করতে পারছে যে, সাম্প্রতিক আলোচনায় তারা ব্যাপক মার খেয়েছে। নিজেদের সৌভাগ্য দেখতে তাদের হয়তো ২০২০ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের ৫০০ বিলিয়ন ডলারের প্রতারণা করতে পারে।