ভারতের লোকসভা নির্বাচনে বিরোধীদের ঐক্যে ফাটল দেখা দিয়েছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ভোট শেষ হওয়ার পর পরই দিল্লিতে কংগ্রেসের ডাকা বৈঠকে মমতা ব্যানার্জি, মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অংশ নাও নিতে পারেন।
এনডিটিভি জানায়, গত সপ্তাহে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবাবুর বৈঠক হয়। সেখানেই বিরোধী জোটের বৈঠক নিয়ে কথা উঠলে, নেতিবাচক উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবু নাইডুকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৩ মে ফলাফলের আগে বৈঠকের কোনও প্রয়োজন নেই। মায়াবতীও নেতিবাচক উত্তরই দিয়েছেন।
সূত্র জানায়, পুরো বিষয়টিই রয়েছে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়েই। বিরোধীদের গলায় যদি জয়মালা ওঠে, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়েই সংশয়। সেই প্রশ্নে বারবার উত্তর এড়িয়ে গিয়েছেন বিরোধী নেতারা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মায়াবতী প্রধানমন্ত্রী হতে চান। এদিকে, ডিএমকে প্রধান স্ট্যালিন সহ বিরোধীদের অনেক নেতাই আবার প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীর নাম সমর্থন করেছেন।