যশোরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ হোসেন সাতমাইল বাজারের এলাকার জুলফিকার আলীর ছেলে ও আব্দুল বারী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের ভাই ইমরান বলেন, “সোমবার সকালে ইমতিয়াজ প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় সাতমাইল বাজারে যশোর থেকে ঝিনাইদহমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।”
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।