প্রথম ম্যাচে সেভাবে দাঁড়াতেই পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশের কিশোররা। সোমবার দুই দলের দ্বিতীয় একদিনের ম্যাচটিতে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হলো। তবে শেষ হাসি বাংলাদেশের কিশোরদের।
সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে ১৭ রানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এই জয়ে এক ম্যাচ হারে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করল স্বাগতিকেরা। এর আগে টেস্ট সিরিজও নিজেদের করে নিয়েছিল তারা।
এদিন টস জিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৫৯ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৯ উইকেটে ২৪২ রানে থামে।
বাংলাদেশের পক্ষে এদিন সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন মোফিজুল ইসলাম রবিন। আইচ মোল্লার অবদান ৫২ রান। এ ছাড়া ৪৪ রানে অপরাজিত ছিলেন মাহফুজুর রহমান রাব্বি। পাকিস্তানের আসির মুঘল ৪০ রানে নেন ২ উইকেট।
ব্যাট হাতে ৪৪ রানে অপরাজিত থাকার পর বল হাতেও জ্বলে ওঠেন রাব্বি। ৫০ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া আশিকুর রহমান ও আইচ মোল্লারা নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পায় বাংলাদেশ।
আশিকুর রহমান ৩৯ রানে ২ ও মোল্লা ৩৭ রানে নেন ১ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন সামির সাকিব।
বুধবার একই ভেন্যুতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।