নগরীর বাকলিয়ায় ভাইকে না পেয়ে বোনকে গুলি করে হত্যার ঘটনায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। তারা হলেন মোহাম্মদ মুছা (৪০), আহমদ কবির (৪২) ও নবী হোসেন (৬০)।
গতকাল সোমবার মহানগর হাকিম মো. আল ইমরান খান তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাকলিয়া থানা পুলিশ তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।’ এর আগে রবিবার রাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মুছা ও আহমেদ কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসা বুবলী আক্তার (২৮) নামে ওই নারীকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, বুবলীর ভাই রুবেলের সঙ্গে স্থানীয় শাহ আলমসহ কয়েকজন যুবকের শত্রুতা ছিল। রাতে শাহ আলম ও তার লোকজন রুবেলকে মারতে আসে। তখন তারা বুবলীকে গুলি করে পালিয়ে যায়।
রাতেই বুবলীর বাবা বাদী হয়ে শাহ আলম, তার ভাই নূর আলম, নবী হোসেন, মো. জাবেদ, মো. মুছা, আহমদ কবিরসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। সেদিন ছয় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় প্রধান আসামি শাহ আলম।