ঈশ্বরদীতে কোকেনসহ গ্রেপ্তার ২

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩৪০ গ্রাম কোকেনসহ দুই যুবককে আটক করা হয়েছে। গত রবিবার রাতে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে শ্যামলী পরিবহনের কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে এ অভিযান চালায় র‌্যাব-১২-এর একটি দল। উদ্ধার হওয়া কোকেনের দাম ২ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আটক দুজন হলো কুষ্টিয়ার কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের হেলালউদ্দিনের ছেলে মামুনুর রশীদ (৪০) এবং দৌলতপুরের কল্যাণপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে শাহআলম (২৯)। র‌্যাব-১২-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোকেনের একটি চালান কুষ্টিয়া থেকে দাশুড়িয়া হয়ে ঢাকায় যাবে জানতে পেরে রবিবার সন্ধ্যার পর থেকে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। পরে রাত ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে কোকেনসহ মামুনুর রশীদ ও শাহআলমকে আটক করা হয়। তারা আন্তঃজেলা মাদক চক্রের সদস্য। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী দেশ রূপান্তরকে জানান, কোকেনসহ আটক দুজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। তাদের গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়।