চট্টগ্রাম ওয়াসা নগরকে একটি কবরস্থানে পরিণত করেছে -বলে মন্তব্য করে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাথে ওয়াসার কোন সমন্বয় নেই। নগরে দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থা নতুন রাস্তা নির্মাণ করার পর আবার খোড়াখুঁড়ি করে রাস্তাটি নষ্ট করে দিচ্ছে।
সোমবার চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে ‘জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই’ শীর্ষক নাগরিক উদ্যোগের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় নাগরিক উদ্যোগের নেতাদের উদ্দেশ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, একযোগে নগরের সড়কগুলোতে ওয়াসা, সিডিএ, টিএন্ডটি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি খোড়াখুঁড়ি শুরু করে। স্বাভাবিকভাবেই উন্নয়ন কর্মকান্ডের জন্য সিটি কর্পোরেশনকে রাস্তা কাটার অনুমতি দিতে হয়।
একই সাথে নগরের মূল সড়কগুলো খোড়াখুঁড়ির কারণে নগরবাসী কিছুটা ভোগান্তিতে পড়েছে। তারপরও সীমিত সাধ্যের মধ্যে নগরবাসীর দূর্দশা লাঘবে প্রয়োজনীয় সংস্কারকাজ করা হচ্ছে।
মতবিনিময়কালে হাজী মো. ইলিয়াছ, কামাল মেম্বার, হাজী হোসেন, হাবিবুর রহমান, নিজাম উদ্দিন, আব্দুল আজিম, এজাহারুল হক, সফি আলম বাদশা, স্বরূপ দত্ত রাজু, মো. ওয়াসিম, মাহফুজ চৌধুরী, শিশির কান্তি বল, শেখ সরওয়ার্দী এলিন প্রমুখ উপস্থিত ছিলেন।