রাস্তা নেই তো ভোটও নেই

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ। নির্বাচনের শুরুতেই রাজ্যের বাদাউন জেলার ভিলোলিয়া ও সিদ্ধার্থনগর জেলার দোমারিয়াগঞ্জ আসনের সাঙ্গালদীপ গ্রামের বাসিন্দারা সব পার্টির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। ভোটের আগেই গ্রামে উন্নয়ন না হলে গ্রামবাসী কোনো ভোট দেবে না এমন হুমকি দিয়েছিলেন তারা।

গত ১২ মে উত্তর প্রদেশের ১৪টি আসনে ভোটগ্রহণ হয়। কথা অনুযায়ী ভিলোলিয়া ও সাঙ্গালদীপ গ্রামের বাসিন্দাদের কেউই ভোট দেননি। গ্রামবাসীর বক্তব্য, প্রতিবারই ভোট আসে আর যায়, কিন্তু তাদের গ্রাম ও ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভোট নেওয়ার কথা ছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আগেভাগেই কেন্দ্রে হাজির হন। কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই ভোটাররাই আসেননি। প্রায় সাড়ে         পাঁচশ ভোট রয়েছে গ্রামটিতে। তবু সিদ্ধার্থনগর জেলার এই গ্রাম ভোট দিল না। রাস্তা না হওয়ায় ভোট বয়কট করল পুরো গ্রাম।

গ্রামে কোনো রাস্তা না হওয়ার প্রতিবাদ তারা লোকসভা নির্বাচন বয়কটের মধ্য দিয়ে জানিয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়। ভোটের দিন সকাল থেকে ভোট শুরু হওয়ার পর ভোটাররা ভোট দিতে না আসায় নির্বাচন কর্মকর্তারা গ্রামের বাড়িতে বাড়িতে যান। ভোটারদের ভোট দিতে আসতে অনুরোধ করেন তারা। তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি। নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন গ্রামের বাসিন্দারা।

গ্রামবাসী জানান, আগেও অনেকবার রাস্তার অবস্থা নিয়ে তারা সরব হয়েছিলেন। কিন্তু কোনোভাবেই সড়কের হাল ফেরেনি। তাই এবার তারা ভোট দিচ্ছেন না। শুধু রাস্তার সমস্যা নয় আছে অন্য ব্যাপারও। প্রতি বছর বর্ষায় ভেসে যায় গোটা গ্রাম। বাসিন্দা কানু যাদব বলেন, পাশের নদীর পানি বর্ষার সময় গ্রামে ঢুকে পড়ে। গোটা গ্রাম তখন যেন বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা দ্বীপ। পাকা রাস্তা না থাকায় সবাইকে ভেতরেই থাকতে হয়। কেউ বাইরে যেতে পারে না। বাইরে থেকেও কেউ আসতে পারে না গ্রামে।

আরেক বাসিন্দা মূর্তি যাদব বললেন, ‘নদী আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। আমরা হয়তো ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারি। কিন্তু এবার দেব না।’

তবে শেষ পর্যন্ত অবশ্য চেষ্টা চালিয়ে গেছেন কমিশনের কর্মকর্তারা। স্থানীয় সহকারী রিটার্নিং অফিসার উমেশচন্দ্র নিগম বলেছেন, ‘আমরা বারবার গ্রামবাসীকে ভোট দিতে আসার জন্য অনুরোধ করেছি। কিন্তু ওরা রাজি হয়নি। যেভাবে যা যা করা যায়, যা বোঝানো যায় সবই বুঝিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’

একই অবস্থা ভিলোলিয়া গ্রামেও। গ্রামটির ১৪০০ ভোটারের একজনও ভোট দিতে যাননি। এই গ্রামেও অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের জেলায় কোনো উন্নয়ন হয়নি। গ্রামের শিক্ষার্থীদের পড়ালেখার জন্য ফারুকপুর গ্রামে যেতে হয় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে। বর্ষার সময় কাঁচা রাস্তা নষ্ট হয়ে গেলে চলাচল করা যায় না।

লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় উত্তর প্রদেশের ১৪টি আসনে ভোট হয়েছে। গতবার এই ১৪টির মধ্যে ১৩টিতে জিতেছিল বিজেপি। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে আর ১৩টি আসনে ভোট বাকি রয়েছে। আগামী ১৯ মে শেষ দফায় ওই আসনগুলোতে ভোট নেওয়া হবে।