নাটোরের চলনবিল অঞ্চলে গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চোরের উপদ্রবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চোরের হাত থেকে সম্পদ রক্ষায় অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন। এদিকে গতকাল মঙ্গলবার ভোর রাতে চলনবিলের ডুবো রাস্তার পেট্রোবাংলা পয়েন্ট এলাকা থেকে এক গরুচোরকে হাতেনাতে আটক করে স্থানীয় বাসিন্দারা। এ সময় ৫টি চোরাই গরু ও ১টি ট্রাক জব্দ করা হয়।
স্থানীয় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, গত ১ সপ্তাহ ধরে চলনবিলের কান্তনগর, সাতপুকুরিয়া, বিয়াশ, বলিয়াবাড়ীসহ বিভিন্ন এলাকায় গরুচোরের উপদ্রব বেড়ে গেছে। ছিঁচকে চোরের হাত থেকে বাঁচতে অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে পেট্রোবাংলা পয়েন্ট এলাকায় থেকে রনি (২৮) নামের এক গরুচোরকে আটক করে স্থানীয়রা। এ সময় ৫টি চোরাই গরু ও একটি ছোট ট্রাক জব্দ করা হয়। আটক রনি বগুড়ার শাজাহানপুরের বামুনীয়া গ্রামের বাসিন্দা।
চলনবিলের পেট্রোবাংলা পয়েন্টের বাসিন্দা মানিক মিয়া বলেন, ৪দিন আগে লক্ষাধিক টাকা মূল্যের তার দুটি গরু চুরি গেছে। এর পর থেকেই এলাকার অনেক কৃষক রাত জেগে পাহারা দিচ্ছেন। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রনি নামের এক গরুচোরকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি ট্রাক ও ৫টি চোরাই গরু।